ফিলিস্তিনের কাছে হেরে বিদায় বাংলাদেশের

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। বুধবার কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হারে ভূঁইয়া-তপু বর্মণরা।
 
প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফিলিস্তিন। খেলার মাত্র ৮ মিনিটের মাথায় মিডফিল্ডার মোহাম্মদ বালাহর হেডের সুবাদে গোল পায় ফিলিস্তিন।
 
শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ এরপর  আর খেলায় ফিরতে পারেনি। খেলার শেষ মুহূর্তে নিখুঁত শটে গোল করে ফিলিস্তিনের জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড মারাবাহ সামেহ।
 
গ্রুপ পর্বে লাওসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জেমি ডের শিষ্যরা।
 
আগামী শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার পঞ্চম আসরের ফাইনালে ট্রফির লড়াইয়ে অংশ নেবে ফিলিস্তিন ও তাজিকিস্তান।
 
ইত্তেফাক/জেডএইচ