দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১

এএফপি

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা।

সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে ভারী বর্ষণ হয়েছে। টানা বর্ষণের কারণে গত সপ্তাহান্ত থেকে দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রামাফোসা এক বিবৃতিতে বলেন, ‘প্রাকৃতিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’ তিনি লিবিয়া ও সুদান পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে মিসর থেকে দেশে ফেরার পথে একথা বলেন। জরুরি বিভাগের কর্মীরা তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছে। এতে মঙ্গলবার প্রাণহানির সংখ্যা ৩৩ জন থেকে বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ভূমিধসের পর মাটির নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে।

দক্ষিণ আফ্রিকার আবহাওয়া সংস্থাগুলো আরো বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। আঞ্চলিক মন্ত্রী নোমুসা ডুবে-এনকুবে এসএ এফএম বেতারকে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।’