নির্বাচনে নিজের পরাজয় চ্যালেঞ্জ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে নিজের পরাজয় নিয়ে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। তিনি বলেছেন, তার সমর্থকদের কাছ থেকে অনেক অভিযোগ পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
 
ইয়ামিনের আইনজীবী মোহাম্মদ সালিম জানান, বুধবার মালদ্বীপের সুপ্রিম কোর্টে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এক টুইটার পোস্টে তিনি বলেন, বিচার বিভাগ জানিয়েছে যে, শীর্ষ আদালত অভিযোগটি শুনতে রাজি হয়েছে। 
 
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর মালদ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিরোধীদলীয় জোটের একক প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সলিহর কাছে ১৬ শতাংশ ব্যবধানে পরাজিত হন তিনি। যুক্তরাষ্ট্র, ইইউ, চীন, ভারতসহ বিশ্বজুড়ে বহু দেশ নির্বাচনের ফলাফল গ্রহণ করে নিয়েছে। 
 
ইয়ামিন নিজেও নির্বাচনের একদিন পর নিজের পরাজয় স্বীকার করে নেন। তবে কয়েকদিন পর থেকেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। তবে এই অভিযোগের পক্ষে কোন প্রমাণ সরবরাহ করেননি তিনি। তিনি জানিয়েছেন, ১৭ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর