উত্তর কোরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে এমন খবর প্রকাশের একদিনের মধ্যেই ভিন্নমত জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পুনরেকত্রীকরণমন্ত্রী চো মিয়ং-গিয়ন বৃহস্পতিবার বলেছে, উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় কোন পরিবর্তন আন হবে না। এমন কোন চিন্তা দক্ষিণ কোরিয়া কখনোই করেনি।
প্রসঙ্গত, গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিয়ুং-হোয়া বলেছিলেন, দক্ষিণ কোরিয়া সরকার ২০১০ সালে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করছে।
দক্ষিণ কোরিয়ার অভিযোগ, ২০১০ সালে তাদের একটি যুদ্ধজাহাজে উত্তর কোরিয়ার চালানো হামলায় ৪৫ জন নাবিক নিহত হয়। ওই ঘটনার পর উত্তরের ওপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়া ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
কাং বলেন, এই বিষয় নিয়ে সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
তবে আইনপ্রণেতাদের সমালোচনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর নিজের কথা ফিরিয়ে নেন কাং।
ট্রাম্প বলেন, তারা(দ. কোরিয়া) আমাদের অনুমোদন ছাড়া কিছুই করবে না। তারা আমাদের অনুমোদন ছাড়া কিছুই করে না।
ট্রাম্প জানান, উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ শেষ করা না পর্যন্ত তাদের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল আইনপ্রণেতারা কাংয়ের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, উত্তর কোরিয়া ওই হামলার জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের ওপর থেকে কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এরপরই নিজের কথা ফিরিয়ে নেন কাং। -রয়টার্স
ইত্তেফাক/ জেআর