স্পোর্টস রিপোর্টার
ভারত সর্বশেষ দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই-তিন ব্যবধানে সিরিজ হারলেও তাতে আশাহত হচ্ছেন না রাহুল দ্রাবিড়। বরং দেশটির সাবেক এই কিংবদন্তি মনে করেন, বিশ্বকাপে ভারতই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়তে পেরেছে।
অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গ টেনে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘ম্যাচগুলোর শেষ ৩০ মিনিটে ফলাফল অনেকটাই এলোমেলো হয়ে গেছে। সেই কৃতিত্বটা অবশ্যই অস্ট্রেলিয়ার। তবে, মাত্র কয়েকটা ম্যাচ দিয়ে ভারতকে যাচাই করা ঠিক হবে না। ভারত বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। ভারত যদি বিশ্বকাপ জিতে যায়, তখন এই দুই-তিন কেউ মনেও রাখবে না। আপনি যদি আইসিসি র্যাংকিংয়ের দিকে চোখ রাখেন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভারত ভালোভাবেই শিরোপার লড়াইয়ে থাকবে।’
আম্বাতি রাইডু কিংবা ঋশাভ পান্তের মত ক্রিকেটারদের জায়গা না পাওয়া নিয়ে বিশ্বকাপের দল ঘোষণার পর ভারতে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও, বোর্ড অব কন্ট্রোল ফর ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক প্যানেল যে দল দিয়েছে তাতে পূর্ণ আস্থা রাখছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘আমি দলের কম্বিনেশনে কোনো সমস্যা দেখি না। আমার কাছে মনে হয়েছে, এটা ঠিকই আছে। এখানে আমাদের অনেক রকম বিকল্প পথ খোলা আছে। বড় ব্যাপার হলো বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে গিয়ে পারফরম করতে পারা। দল যখন দেওয়া হয় তখন একটা দুটো নাম নিয়ে আক্ষেপ হবে। এখন তো সব চূড়ান্ত হয়েই গেছে, এখন বিতর্ক সৃষ্টি না করে ভালো খেলায় নজর দিতে হবে।’
বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। শেষ হবে ১৪ জুলাই। ক্রিকেট ইতিহাসের প্রথম তিনটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই ইংল্যান্ডে। এরপর সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। এবার আবার বিশ্বকাপ ফিরছে তার আতুরঘরে। ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই রাহুল দ্রাবিড়। সেবার তিনি ৬৫.৮৫ গড়ে করেছিলেন ৪৬১ রান।
তবে, ২০ বছরে ইংল্যান্ডের কন্ডিশন অনেকটাই পাল্টে গেছে। তিনি বলেন, ‘১৯৯৯ সালের বিশ্বকাপটা যেমন হয়েছিল এবার তেমনটা হবে না। সেবার প্রায় ম্যাচেই খুব কম রান হচ্ছিল। আমার মনে হয় না এবার তেমনটা হবে। এবার অনেক রান হওয়ার কথা। দেখা যাবে ৩০০ রানটাই হবে স্বাভাবিক স্কোর। আর ৩০০ তাড়া করে অনেক দলই স্বাচ্ছন্দ্যে জিতে যাবে। ইংল্যান্ডের কন্ডিশন এখন অনেকটাই পাল্টে গেছে। সেকালের ইংল্যান্ডে অনেক বেশি বল সুইং করতো। বোলাররা সিম মুভমেন্ট কাজে লাগতে পারতেন। এখনকার উইকেটগুলো অনেক ফ্ল্যাট, ফলে বিস্তর রান হতে পারে।’
ভারতের বিশ্বকাপ অবশ্য একটু দেরিতেই শুরু হবে। আগামী পাঁচ জুন তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।