ছাত্রদল নেতাকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম নয়নকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
বৃহস্পতিবার হাইকোর্ট থেকে বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে বের হলে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
 
ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান জানান, হাইকোর্টে হাজিরা শেষে বের হলে নয়নকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। অবিলম্বে এই ছাত্রদল নেতার সন্ধান ও মুক্তি দাবি করেন তিনি।
 
ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, ‘ছাত্রদল নেতা নয়নকে আটকের বিষয়ে আমার কিছু জানা নেই।’
 
উল্লেখ্য, ছাত্রদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে দেড়শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। বিগত দুদফা আন্দোলনে বেশ কয়েকবার গ্রেফতার হয়ে কারাবরণ করেন তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে নয়নের মুক্তি দাবি করেছেন।
 
 
ইত্তেফাক/ইউবি