ন্যু ক্যাম্পেই শিরোপা চায় বার্সা

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী বার্সেলোনা লা লিগায় নিজেদের ৩৪তম ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে তিন পয়েন্টের দূরত্বে চলে এসেছে।

প্রতিপক্ষের মাঠে গত মঙ্গলবার রাতের এই ম্যাচে মিডফিল্ডার ইভান রাকিটিচকে স্কোয়াডেই রাখেননি কোচ আর্নেস্তো ভালভার্দে। শুরুর একাদশে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি, ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে ও জর্দি আলবাদের মতো নিয়মিত খেলোয়াড়রাও। তবুও মিডফিল্ডার কার্লোস আলেনইয়া ও লুই সুয়ারেজের গোলে অনায়াস জয় পায় কাতালানরা।

এই জয়ে ৩৪ ম্যাচ খেলে ৮০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ১২ পয়েন্টের। ৩৩ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট অর্জন করা অ্যাটলেটিকো গত রাতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দিয়েছে। কোচ দিয়েগো সিমিওনের দল ম্যাচটি হেরে থাকলে কাল রাতেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসির দলের।

দলের প্রথম গোলটি করা অ্যালেনইয়া অবশ্য নিজেদের দর্শকদের সামনেই শিরোপা জিততে বেশি আগ্রহ দেখালেন। মঙ্গলবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অ্যাটলেটিকো জিতে কি না সেজন্যে অপেক্ষা করতে হবে আমাদের। যদি জিতে যায় তাহলে আমরা শনিবার নিজেদের সমর্থকদের সামনে চেষ্টা করবো। আমি শনিবার ন্যু ক্যাম্পেই লিগ জিততে চাই। এটা আমাদের উপর নির্ভর করে আর আমরা নিজেদের ভক্তদের সামনে উদযাপন করতে পারবো কিন্তু বুধবারেও যদি জিতে যাই তাহলেও এটাকে স্বাগত জানানো হবে।’

কোচ ভালভার্দের ধারণা নিজেদের পরিশ্রমেই শিরোপা নিশ্চিত করতে হবে দলকে। তিনি বলেন, ‘অ্যাটলেটিকো আমাদের প্রতিদ্বন্দ্ব্বী যারা প্রতিদিনই দেখায় তারা কেমন মানসিকতার দল। অ্যাটলেটিকো নির্ভার আছে বলে মনে হয় না। আরও তিন পয়েন্ট জিততে হবে বলেই ধরে নিয়েছি আমরা।’

৩৩ গোল নিয়ে ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘ইউরোপিয়ান গোল্ডেন শুর দৌড়ে সবার উপরে আছেন মেসি। তবে ৩০ গোল নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর খুব কাছেই আছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। আলাভেসের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও তাকে মাঠে নামানোর পেছনে এর কোনো প্রভাব ছিল কি না এমন এক প্রশ্নের জবাবে ভালভার্দে বলেন, ‘গোলশূন্য প্রথমার্ধের পরই তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনেকে মনে করছেন গোল্ডেন শুর জন্যে এটা করা হয়েছে। তা মোটেও মাথায় নেই আমাদের। জয়েই পুরোপুরি মনোযোগ দিচ্ছি আমরা।’

লা লিগার ২৫ বারের শিরোপা জয়ীরা আগামী শনিবার নিজেদের মাঠে অবনমন অঞ্চলে থাকা লেভান্তের মুখোমুখি হবে। সেটি জিতলেই লিগ নিশ্চিত হয়ে যাবে কোচ ভালভার্দের শিষ্যদের।