দুয়ারে বিশ্বকাপ
আসন্ন বিশ্বকাপে নিজ নিজ দলে যোগ দিতে টুর্নামেন্ট শেষ না করেই ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) থেকে বিদায় নিতে শুরু করেছেন বিদেশি খেলোয়াড়রা। কারণ, অনেকগুলো দলেরই বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু হয়ে গেছে।
বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। আর আইপিএল শেষ হবে আগামী ১২ মে। মাঝপথে আইপিএল ছেড়ে যাওয়াদের তালিকায় সবার আগে আছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। মঙ্গলবার রাতে নিজের শেষ ইনিংস খেলেছেন সান রাইজার্স হায়দরাবাদের বেয়ারস্টো। চলতি আসরে দলের হয়ে ১০ ম্যাচে ৪৪৫ রান করা এ তারকা খেলোয়াড় নিজের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন।
আগামী ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হওয়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় সতীর্থদের সঙ্গে যোগ দিতে দলটির আরেক বিদেশি তারকা ডেভিড ওয়ার্নার আইপিএল ছাড়ছেন আগামী সপ্তাহে।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে হায়দরাবাদের নেতৃত্ব দেওয়া ভুবনেশ্বর কুমার বলেন বিদেশি খেলোয়াড়দের চলে যাওয়ার জন্য তার দল প্রস্তুত আছে। কুমার বলেন, ‘এ সকল খেলোয়াড় খুব ভালো করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমরা মর্মাহত হবো না। বেয়ারস্টোর বদলি খেলোয়াড় আমাদের আছে। তবে তিনি যে ভাবে পারফরমেন্স করেছেন, অবশ্যই আমরা তাকে মিস করবো।’
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলগুলোর একটি হবে ২০০৮ চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। প্রথম সন্তান জন্মের জন্য ইতোমধ্যেই দল ছেড়ে গেছেন বেয়ারস্টো। বিশ্বকাপের প্রাথমিক দলে যোগ দিতে এ সপ্তাহেই রয়্যালসের দুই সতীর্থ বেন স্টোকস এবং জোফরা আর্চার ইংল্যান্ড চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিজবেনে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আগামী সপ্তাহে ওয়ার্নারের মত স্টিভ স্মিথও অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন বলে ধারণা করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং কাগিসো রাবাদা উভয়েই চলে যাচ্ছেন। তারা দুজনেই খুব ভালো করছিলেন। সুতরাং তাদের চলে যাওয়াটা দলটির জন্য বড় ক্ষতি।
চলে যাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী, চেন্নাই সুপার কিংসের দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে ডাক পেলে দেশে ফিরে যাবেন কোলকাতা নাইট রাইডার্সের ত্রাণ কর্তা আন্দ্রে রাসেলও। - বাসস