টটেনহ্যামের ত্রাতা এরিকসেন

 

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ান এরিকসেনের একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পার্স ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে হারিয়ে তৃতীয় স্থান মজবুত করেছে। জয়ের নায়কের ভূয়সী প্রশংসা করে কোচ মরিসিও পচেত্তিনো ডেনিস এই প্লেমেকারের সঙ্গে চুক্তি নবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন।

টটেনহ্যাম ফেব্রুয়ারি-মার্চের দিকে টানা পাঁচ ম্যাচ জয়বঞ্চিত ছিল। এর চারটিতেই হেরেছিল তারা। পচেত্তিনোর শিষ্যদের শিরোপার আশা শেষ হয়ে গেছে সেখানেই। এখন তাই শীর্ষ চারে থেকে সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করাই লক্ষ্য স্পার্সদের। গত মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ৮৮ মিনিটে এরিকসেনের গোলে জয় নিশ্চিত করে টটেনহ্যাম।

এ জয়ে ৩৫ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আরো শক্ত অবস্থানে চলে গেছে টটেনহ্যাম । চারে থাকা চেলসি সমানসংখ্যক ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৬৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড যথাক্রমে ৬৬ ও ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার পরের দুই অবস্থানে আছে। তাই এই রাউন্ডেই শীর্ষ তিন থেকে ছিটকে পড়ার সম্ভাবনা নেই দলটির। 

 কোচ পচেত্তিনো জয়ের পর একমাত্র গোলদাতা এরিকসেনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘তার দারুণ সব গুণ আছে। বক্সের বাইরে থেকে গোলমুখে শট নিতে পারে আর তার দুই পায়েই অবিশ্বাস্য সব শট আছে।’

প্রায় ছয় মৌসুম আগে আয়াক্স থেকে দলটিতে যোগ দেন এই প্লেমেকার। তারপর থেকেই স্পার্সদের নিয়মিত একাদশের এই সদস্য বনে গেছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা মিডফিল্ডারও। তবে এরিকসেনের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে বহুদিন ধরে আলোচনা চললেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি কোনো পক্ষই। পচেত্তিনোর আশা মৌসুমের শেষেই খেলোয়াড়টির সঙ্গে চুক্তি নবায়ন করবে তার দল। পচেত্তিনোর ভাষায়, ‘আমি আশা করছি ভবিষ্যতে ক্রিশ্চিয়ান আমাদের সঙ্গেই থাকবে। আলোচনার সময়ে আমরা খুবই উন্মুক্ত থাকি এবং আমরা দেখব কি হয়। আমি মনে করি, এখন মৌসুম শেষের দ্বারপ্রান্তে আছে, এরপর এ নিয়ে কথা বলার অনেক সময় থাকবে। আমার মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মনোযোগী হওয়া এবং নিজেদের লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়া।’