তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন দর্শন চর্চা করলেই শিশু-কিশোরদের মধ্যে ভবিষ্যতে একটি সৎ ও দেশপ্রেমিক রাজনীতি চর্চার পথ বিকশিত হবে। এজন্য শিশু ও কিশোরদের এখন থেকেই সফলতার সিঁড়ির দিকে এগুতে হবে। এ জন্য অভিভাবকরাই পারেন শিশু ও কিশোরদের সেই দর্শন চর্চার পথটি সুগম করে দিতে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৮ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
বয়স ভিত্তিক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় ডিআরইউ’র সদস্যদের ৭৮ জন সন্তান অংশগ্রহণ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি গ্যালমান শফি, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, নারী সম্পাদক জান্নাতুল পান্না, দপ্তর সম্পাদক জেহাদ চৌধুরী প্রমুখ। পুরস্কার বিতরণীতে আরো উপস্থিত ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
ইত্তেফাক/এমআই