পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও (চারঘাট-বাঘার) সাংসদ শাহরিয়ার আলম বলেছেন, ‘আওয়ামী লীগের মূল শক্তি এদেশের কৃষক-শ্রমিক তথা খেটে খাওয়া মেহনতি মানুষ। বঙ্গবন্ধু এ সমস্ত মানুষের নিয়ে রাজনীতি করেছেন।’
শুক্রবার বিকেলে বাঘা উপজেলা সদরে জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভামঞ্চে কেক কাটার পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর। এর মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় ১৮ বছর। বাঁকি ২৯ বছর কারা ক্ষমতায় ছিল বলতে পারেন? যদি এই প্রশ্ন আপনাদের মনে জাগ্রত হয় তবে ২০৪৭ সাল পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’
জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনরা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, মুখে ধর্মের নামে বড়বড় কথাও বলেন। অথচ কাওয়ামী মাদ্রাসাকে স্বীকৃতি দিতে পারেন নি। এই কাজটি আমাদের সরকারের আমলে আমরা করতে সক্ষম হয়েছি। কারণ আমরা শিক্ষিত মানুষকে পছন্দ করি। আমরা চাই প্রতিটা মানুষ শিক্ষার আলোয় আলোকিত হক। এ জন্য আমরা বিনামূল্যে বই বিতারণসহ প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছি।’
বাঘা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর কাউন্সিলর মোশারফ হোসেনের সঞ্চালনায় ও উপজেলা সভাপতি শাহাবাজ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগের রাজশাহী জেলা কমিটির সভাপতি আব্দুল্লা খান, সাধারণ সম্পাদক আমজাদ আলী ও বাঘা পৌর সভার আহ্বায়ক মাজদার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ