প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনা করছে। গত বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় এমন কথাই বলেছেন মাদুরো।
ভেনিজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া সরকারকে যুক্তরাষ্ট্র তাকে হত্যার নির্দেশ দিয়েছে এমন তথ্য জানিয়ে মাদুরো বলেন, ‘মাদুরো যাতে নিহত হয়, হোয়াইট হাউস থেকে তারা এমন আদেশ দিয়েছে।’
এরপর তিনি বলেন, ‘তারা এমনকি আমার একটি চুলও স্পর্শ করতে পারবে না।’ তবে ওই অভিযোগ নিয়ে মাদুরো কোনো ব্যাখ্যা দেননি এবং কোনো প্রমাণও উপস্থাপন করেননি। ভেনিজুয়েলার তথ্য মন্ত্রণালয়ও এ ব্যাপারে আরো তথ্য দেওয়ার অনুরোধে সাড়া দেয়নি।
এদিকে মাদুরোর এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের একজন মুখপাত্র বলেন, ‘ভেনিজুয়েলায় শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সঙ্গে গণতন্ত্রে ফেরত যেতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের নীতি অপরিবর্তিত রয়েছে।’ আর ভেনিজুয়েলার বিরোধী দল বলছে, মাদুরো নিজের অযোগ্যতা আড়াল করতে শত্রুদের বিরুদ্ধে হাস্যকর অভিযোগ করছেন।
মাদুরোকে একজন একনায়ক হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে দেশটিতে ভয়াবহ খাদ্য সংকট ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। মাদুরো দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত প্রতিপক্ষসমূহের ‘অর্থনৈতিক যুদ্ধের’ শিকার। -রয়টার্স ও আল জাজিরা
ইত্তেফাক/ জেআর