রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে নগরীর হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাসিক মেয়র বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত পাল্টে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে, চারলেনের বড় বড় সড়ক হচ্ছে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মিত হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, শিক্ষার মান বাড়ছে। এজন্য অনেকের হিংসা-ঈর্ষা হচ্ছে। তাদের মুখে ছাই দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আমরা যে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বিজয়ী হয়ে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাবেন, যাতে বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়।
মেয়র লিটন বলেন, যে উন্নত বাংলাদেশের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, তারা আজ সেটি দেখতে যাচ্ছেন। এটি কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যেই সম্ভব হয়েছে।
স্মৃতিচারণ করে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান মেয়র লিটন বলেন, ১৯৭৪ সালে জীবনে একবার জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলিঙ্গন পেয়েছি। আমার বাবা তখন মন্ত্রী ছিলেন। ঈদের ছুটিতে আমরা দুই ভাই কলকাতা থেকে ঢাকায় এসেছিলাম। সেইবার ঈদের নামাজ পড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গবন্ধু নিজেই তার সহকর্মী, আমাদের বাবা শহীদ কামারুজ্জামানের সরকারি বাসভবনে এসেছিলেন। আমরা বাড়ির সামনে বাইসাইকেল চালাচ্ছিলাম। বঙ্গবন্ধুকে দেখে আমরা দুই ভাই দাঁড়িয়ে যাই। বঙ্গবন্ধু গাড়ি থেকে নেমে আমার বাবাকে ডাক দেন, বাবা তখন তাড়াহুড়ো করে বাসা থেকে বের হন। এ সময় বঙ্গবন্ধু আমাদের বলেন, তোরা এদিকে আয়। আমরা দুই ভাই ভয়ে ভয়ে তার কাছে যাই। তিনি তার বিশাল বুকের মধ্যে আমাদের দুই ভাইকে জড়িয়ে নেন, আলিঙ্গন করেন। এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।
ইত্তেফাক/জেডএইচ