নয়াপল্টনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

রাজধানীর পল্টনের একটি বাড়ি দখল করে নিতে বোনদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের সৎ বোন। আর এ কাজে তাকে ইন্ধন যোগাচ্ছেন তারই এক চাচা। এ ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। 
 
শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাহফুজা বেগম, তার মেয়ে রামিশা মালিয়াত প্রমি প্রমুখ। 
 
লিখিত বক্তব্যে রামিশা মালিয়াত প্রমি জানান, নয়া পল্টনের ৪৩/১, নম্বর বাড়ির চলাচলের রাস্তা নিয়ে জুলফিকার হোসেন পারভেজের সাথে দুটি মামলা রয়েছে। মামলায় হেরে যাওয়ার ভয়ে সৎবোন ফারজানা জামান স্মৃতিকে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই পারিবারিক বিরোধের পেছনে রয়েছে জুলফিকার হোসেন পারভেজের বাড়ি দখলের পায়ঁতারা। স্মৃতি মূলত গ্রামের বাড়িতেই থাকতেন। পারভেজ বাড়ি দখলের জন্য তাকে ঢাকায় নিয়ে আসে। এরপর থেকেই তাকে দিয়ে বিভিন্ন অভিযোগ করানো হচ্ছে।
 
সংবাদ সম্মেলনে মাহফুজা বেগম বলেন, ‘স্মৃতিকে আমি গর্ভেধারন করিনি কিন্তু সেও তো আমার মেয়ে। আমি তার অধিকার বুঝিয়ে দিতে চাই। কিন্তু জুলফিকার হোসেন পারভেজ স্মৃতিকে ভুল বুঝিয়ে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কারন স্মৃতির সম্পত্তি পারভেজ দখল করে নিতে চায় যেটা সে বুঝতে পারছে না।’ তাই এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
 
ইত্তেফাক/এমআই