ঢাবি 'ঘ' ইউনিটে প্রশ্নফাঁস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তবে তদন্তের আগেই উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশ্নফাঁসের ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করছেন।
 
বিশ্ববিদ্যালয়ের সহ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে শুক্রবার রাতে এই তদন্ত কমিটি করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তদন্ত কমিটির অন্যরা হলেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
 
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, প্রশ্নফাঁসের বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া সামনের বছর 'ঘ' ইউনিটের পরীক্ষায় সংস্কার আসবে বলেও উপাচার্য জানান।
 
কি সংস্কার আসবে জানতে চাইলে তিনি বলেন, অ্যাকাডেমিক কমিটির ফ্যাকাল্টিবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। 
 
প্রসঙ্গতঃ শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পূর্বে বেলা ৯টা ১৭ মিনিটে অনেক ভর্তিচ্ছুর হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারে সাদা কাগজে উত্তরলেখা সম্বলিত প্রশ্ন আসে। অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে সাদা খাতার ৭২ টি প্রশ্ন ও উত্তরের হুবহু মিল পাওয়া যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন, ‘এটি প্রশ্ন ফাঁস নয়, ডিজিটাল জালিয়াতি।’
 
ইত্তেফাক/নূহু