মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগি খুন হয়ে থাকলে সৌদি আরবকে কঠোর শাস্তি দেবেন তিনি। শনিবার সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, ‘খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনা শুনে আমি খুব মর্মাহত হয়েছি। তবে বিষয়টি সৌদি আরব এখনও অস্বীকার করছে। যদি খাশোগি খুন হন এবং এক্ষেত্রে সৌদি আরব দায়ী থাকে, তাহলে তাদের কঠোর শাস্তি দেব আমরা।
তবে, শাস্তির ক্ষেত্রে সামরিক সহায়তা বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। তার মতে, এতে করে রাশিয়া ও চীন সুযোগ নিতে পারে। তাই অন্যভাবে সৌদিকে শাস্তি দিতে চান তিনি।
গেল ২ অক্টোবর কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এরপর থেকে নিখোঁজ হন তিনি। তুরস্ক বলছে একইদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে খাশোগিকে খুন করে থাকতে পারে।
তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগি। যদিও দাবির স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।
খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।
ইত্তেফাক/টিএস