‘ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র’

প্রেসিডেন্ট হাসান রুহানী অভিযোগ করেছেন, ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার রাষ্ট্রীয় টিভিতে দেয়া ভাষণে তিনি বলেন, গত চার দশকের মধ্যে অন্য কোন মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে এত বেশি শত্রুতা করেনি।
 
রুহানি বলেন, ‘এক সময় কেবল একজন শত্রুতা করতো বাকিরা থাকতো উদার। কিন্তু এবার সব খারাপ লোকেরা একজোট হয়েছে।’
 
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মনস্তাত্তিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানোরও অভিযোগ আনেন রুহানি।
 
রুহানি বলেন,‘ যুক্তরাষ্ট্রে কৌশল হলো ইরানের প্রচলিত পদ্ধতিকে অবৈধ প্রমাণ করা। আর এভাবেই সরকার পরিবর্তন হয়।’
 
২০১৫ সালে পরমাণু প্রকল্প বন্ধের পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার চুক্তি করে জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলো৷ কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন৷

এরপর শুরু হয় ট্রাম্প ও ইরানী নেতাদের বাকযুদ্ধ। ২৪ সেপ্টেম্বর ইরানের সামরিক কুচকাওয়াজে হামলা চালায় চালায় আইএস। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদেশগুলোকে দায়ী করে ইরান।

চলতি বছরের ৪ নভেম্বর থেকে নতুন করে কঠোর অবরোধের আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ইরানের তেল বিক্রি কমিয়ে দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলাই এ অবরোধের লক্ষ্য।

ইত্তেফাক/টিএস