ইত্তেফাক রিপোর্ট
আগামী ২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেডিক্যাল সরঞ্জামের প্রদর্শনী। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল এই প্রদর্শনীর আয়োজন করবে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের মেডিক্যাল, সার্জিক্যাল, ডায়াগনস্টিক এবং ফার্মাসিউটিক্যাল সরঞ্জাম বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ এমডি মেহেরুন এন ইসলাম। এসময় সেমসের গ্রুপ সিইও এসএস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, হেড অব মার্কেটিং কমিউনিকেশন নঈম শরিফ এবং চেন্নাই ফার্টিলিটি সেন্টার বাংলাদেশের সিইও আজাদ খান উপস্থিত ছিলেন।
মেহেরুন এন ইসলাম জানান, প্রদর্শনী দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, দর্শনার্থী ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এবার ১২তম মেডিটেক্স বাংলাদেশ নামে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৪র্থ আন্তর্জাতিক হেলথ ট্যুরিজম এক্সপো ও ৫ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো-২০১৯ অনুষ্ঠিত হবে। ২ মে সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ডেনমার্ক, যুক্তরাজ্য, তাইওয়ান, তুরস্কের ১২০টি প্রতিষ্ঠান ২৮০টি স্টল নিয়ে অংশগ্রহণ করবে।