বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায়। এরপর এক বছরে শুধু জয় পেয়েছেন সৌদি আরব, পেরু ও সুইডেনের বিপক্ষে। তাই জার্মানির কোচ জোয়াকিম লো’কে নিয়ে সমালোচনা ছিলই।
শনিবার রাতে উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে জার্মানি। ডাচদের কাছে ১৬ বছর পর এটি ছিল জার্মানির প্রথম হার। এই হারের পর সেই সমালোচনা আরও জোরালো হয়েছে। দলটির সাবেক অধিনায়ক মাইকেল বালাক এই আগুনে ঘি ঢেলেছেন। তিনি বলেন, ‘অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে এর পরও জোয়াকিম লো’র চাকরি রয়ে গিয়েছে।’
এ ছাড়াও হারের পরে জার্মানির সংবাদমাধ্যম একযোগে জোয়াকিম লো’র অপসারণের দাবি তুলেছে। কোনও কোনও সংবাদমাধ্যমে জার্মান কোচের প্রতি বিষোদগার করে বলা হয়েছে, ‘লো-এর প্রতি আস্থা হারিয়েছেন জার্মান সমর্থকেরা।’
কোনও কোনও খবরের কাগজে শিরোনাম, ‘আর ভাল কিছু হওয়ার আশা নেই।’ কোনও কোনও সংবাদমাধ্যম লিখেছে, ‘জার্মান সমর্থকেরা যা চাননি, শেষে পর্যন্ত তাই হতে চলেছে। জার্মান দল ও তার কোচের বিপর্যয়।’
জার্মান কোচ নিজেই এই হারের পর সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘নেদারল্যান্ডস আমাদের শেষ দশ মিনিটে চুরমার করে দিয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়ে আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে গিয়েছিল দলের। দ্বিতীয়ার্ধে বহু সুযোগ পেয়েও কেন গোল করা গেল না তার উত্তর দেওয়া খুব কষ্ট।’
দলের স্ট্রাইকার থিমো ওয়ের্নারও বলেন, ‘প্রচুর সুযোগ নষ্ট করেছি আমরা। দ্বিতীয় গোল খাওয়ার পরে আমাদের লড়ার মানসিকতা ধ্বংস হয়ে যায়।’
শনিবারই মিউনিখের খবরের কাগজে প্রকাশ হয়, জোয়াকিম লো’র সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের চুক্তির কাগজ। যা উল্লেখ করে জানানো হয়, চুক্তির মেয়াদ ২০২২ পর্যন্ত থাকলেও, তার আগেই যে কোনও পক্ষ চুক্তি ভেঙে বেরিয়ে আসতে পারে।
ইত্তেফাক/কেআই