খাশোগি হত্যায় ভাড়াটে খুনি জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি বাদশাহ’র সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, সৌদি সাংবাদিক খাশোগিকে হত্যায় পেশাদার খুনিরা জড়িত থাকতে পারে। ফোনালাপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ইঙ্গিত দেন তিনি। বিবিসি, সিএনএন।
 
ফোনালাপ নিয়ে ট্রাম্প বলেন, ‘সৌদি বাদশাহ জোরালো ভাবে বলেছেন, খাশোগির ভাগ্যে কী ঘটেছে তা তিনি জানেন না। তার কথা শুনে আমার মনে হয়েছে সম্ভবত ভাড়াটে খুনি জড়িত। কে জানে কী হয়েছে।’
 
অক্টোবরের ২ তারিখে কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তুরস্ক বলছে একইদিন সৌদি আরব থেকে ইস্তাম্বুল আসা সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল কনস্যুলেটের ভেতরে ঢুকে খাশোগিকে খুন করেছে।

তবে সৌদি আরব অভিযোগ অস্বীকার করে বলছে, কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেছেন খাশোগি। যদিও দাবির স্বপক্ষে কোন প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।

ইত্তেফাক/টিএস