‘প্রমাণিত যে, সৃষ্টিকর্তা সঙ্গে আছেন’

মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ৬ জন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বেঁচে গেলেও আহত হয়েছেন। বেঁচে যাওয়া আরোহীর মধ্যে একজন হলেন স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। মঙ্গলবার তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট
দেন। 
 
লিখেন, ‘হসপিটাল থেকে বাসায় ফিরবো দ্রুত হয়ত! শুরু করবো নতুন একটি জীবন। সন্তান,পরিবার, ভালোবাসার মানুষ, বন্ধু, স্বর্ণকিশোরী -স্বর্ণকিশোরদের দোয়া, ভালোবাসায় সিক্ত হয়ে আবারো সুস্থ-সুন্দর জীবনের সংগ্রাম।’
 
ফারজানা ব্রাউনিয়া আরো লিখেন, ‘জয় সুনিশ্চিত। কারণ, প্রমাণিত যে, সৃষ্টিকর্তা সঙ্গে আছেন, আর আমাদের মনোবল, দৃঢ়তর।’
 
১১ অক্টোবর রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এসেছিলেন ফরিদুর রেজা সাগরসহ ছয় অতিথি। দুপুরে অনুষ্ঠান শেষ হলে ফরিদুর রেজা সাগর, ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরছিলেন। বৃষ্টি ও বাতাসের মধ্যে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।
 
বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট সৈয়দ সাকের আলীর বরাত দিয়ে গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোদাগাড়ী পৌরসভার লালবাগ হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে। বৈরী আবহাওয়ায় উড্ডয়নের পরপরই ইঞ্জিনে গোলোযোগ দেখা দেয়। 
 
ইত্তেফাক/জেডএইচ