পেশাদারি সাংবাদিকতার সঙ্গে সাংবাদিকতার শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে দৈনিক ইত্তেফাক-এর উদ্যোগে আসছে ‘এক্সিলেন্স ইন জার্নালিজম’ শীর্ষক কর্মশালা।
দেশের ঐতিহ্যবাহী প্রাচীন এই পত্রিকাটির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে এ উদ্যোগটি নেওয়া হয়েছে। দেশের শীর্ষ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালায় অংশগ্রহণ করবে উক্ত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
‘এক্সিলেন্স ইন জার্নালিজম’ আয়োজনকে সামনে রেখে গত রবিবার ইত্তেফাক ভবনস্থ মজিদা বেগম মিলনায়তনে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের নির্বাহী পরিচালক মহিবুল আহসান, আইটি ম্যানেজার রেজা হাফিজ, সহকারী সম্পাদক ফারুক আহমদ, এক্সিকিউটিভ (প্রশাসন) রাজীব চৌধুরী ও বিভাগীয় সম্পাদক রিয়াদ খন্দকার।
সভায় মহিবুল আহসান শাওন বলেন, ইত্তেফাক তরুণদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। তরুণদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দেশের সাংবাদিকতার গৌরবময় ইতিহাস তাদের মাঝে তুলে ধরার প্রয়াসেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- কর্মশালাটির ইভেন্ট পার্টনার লিডসাস গ্লোবাল অ্যাকশনের প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় পড়ুয়া একদল শিক্ষার্থী। এই আয়োজনকে সফল করে তোলার লক্ষ্যে তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত দেন।
প্রস্তুতি সভায় জানানো হয়, ডিসেম্বর মাসে শুরু হতে যাওয়া এই কর্মশালাটি ১৫ দিনব্যাপী চলবে। কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলবেন দেশবরেণ্য শিক্ষক ও সাংবাদিকগণ। আর প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৫ জন করে নির্বাচন করা হবে এবং তাদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচ