এশিয়া কাপের আউট নিয়ে এবার মুখ খুললেন লিটন

এশিয়ার কাপের ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচে লিটন দাসের আউট নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। বাংলাদেশ ক্রিকেট ভক্তরা লিটন দাসের আউটের সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নিতে পাচ্ছিলেন না। লিটন দাসের আউটের জেরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ওয়েবসাইটও বাংলাদেশী হ্যাকারের একটি গ্রুপ হ্যাক করে বলে অভিযোগ তুলে ভারতীয় একটি গণমাধ্যম। 
 
তবে এশিয়া কাপের ওই আউট নিয়ে এতদিন  লিটন দাস চুপ থাকলেও সম্প্রতি  সাংবাদিকদের নিজের মতামত জানিয়েছেন। 
 
আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পাড় করছেন বাংলাদেশ ক্রিকেটাররা। এরই ফাঁকে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন লিটন দাস।
 
এশিয়া কাপের ফাইনাল ম্যাচের আউট নিয়ে লিটন বলেন, আরও কিছুক্ষণ খেলতে পারলে ভালো হত, সেটা দলের জন্য আমার জন্যও।
তিনি আরও বলেন, আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন সেটা আউটই।
 
উল্লেখ্য, চলতি মাসের ২১ অক্টোবর মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রি‌কেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। তবে এর আগে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারী দল। ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 
 
ইত্তেফাক/এসআর