বেড়ায় তিন পুলিশ হত্যা মামলায় আট চরমপন্থির যাবজ্জীবন

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়

স্টাফ রিপোর্টার, রাজশাহী

পাবনার বেড়া উপজেলার চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলায় আট চরমপন্থীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ ছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্ত পাঁচজন বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। খালাসপ্রাপ্ত বাকী তিনজন এবং সাজাপ্রাপ্ত পাঁচজন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি জহুরুল ইসলাম ও হাশেম ওরফে খোকন এখনো পলাতক রয়েছেন।  

দণ্ডিরা হলেন, পাবনার বেড়া উপজেলার ঢালাচর গ্রামের জহুরুল ইসলাম, রাজধরদিয়া গ্রামের নিজাম ফকির, ধারাই গ্রামের রফিক ওরফে জৈটা রফিক, পশ্চিম কাছাদিয়া গ্রামের আইয়ুব আলী ও শুকুর আলী সরদার, পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হাশেম ওরফে খোকন ওরফে বাচ্চু, সুজানগরের পাকুড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলম ওরফে কানা আলম এবং রাজবাড়ীর মাইছেঘাটার জোসন মোল্লা। উল্লিখিতরা সবাই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্য বলে আদালত ও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু। আসামি পক্ষের আইনজীবী আবু বাক্কার ও রইসুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন