ডিলারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
খুলনা অফিস
খুলনায় ১০ টাকা কেজি মূল্যের সরকারি চাল কালো বাজারে বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সাড়ে ১১শ’ কেজি চাল উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের নূরুজ্জামান ওরফে নূরুর বাড়িতে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, দিঘলিয়া উপজেলার কামারগাতি গ্রামের কেরামত শেখের ছেলে নূরুজ্জামান ওরফে নূরু, একই এলাকার রোকন শেখের ছেলে মো. আব্দুল করিম শেখ, হাতেম সরদারের ছেলে আকমান সরদার এবং ও লাখোহাটি গ্রামের মতি গাজীর ছেলে কামরুল গাজী।
এদিকে, ঘটনার পর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ ৯০ বস্তা চালসহ ডিলার পয়েন্টটি সীলগালা করে দেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস বলেন, উক্ত ঘটনায় গতকাল বুধবার চালের ডিলারসহ ছয়জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।