উন্নয়ন রুখতে গিয়ে বিএনপির মেরুদণ্ড ভেঙ্গে গেছে: খালিদ

উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের মেরুদণ্ড ভাঙতে গিয়ে বিএনপির নিজেদের মেরুদণ্ড ভেঙ্গে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
 
আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট ইউনিয়নে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
খালিদ বলেন, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে দাঁড়ানোয়, দেশের জনগণ আজকে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। খুন, দুর্নীতির দায়ে আজকে তাদের সাজা হয়েছে। খালেদা জিয়ার এক ছেলে দণ্ড নিয়ে লন্ডনে জীবনযাপন করছেন। আরেক ছেলে মাদকাসক্ত হয়ে বিদেশে মারা গেছেন। জনবিচ্ছিন্ন হয়ে আজকে দিশেহারা। জনগণ বিএনপিকে ত্যাগ করেছে। কোনো কূল না পেয়ে এখন তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে। দেউলিয়া হয়ে বিএনপি আজকে আরেক জনবিচ্ছিন্ন ড. কামাল হোসেনের শরণাপন্ন হয়েছে। 
 
খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। মানুষ সুখে শান্তিতে থাকে। ব্যাপক আনন্দ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হয়। কৃষকরা সহজেই কৃষিপণ্য পায়। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের ২৬ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে। প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি স্কুল জাতীয়করণ করা হয়েছে। কাজেই এই সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে বাংলাদেশ হবে সোনার বাংলা।
 
IMG0
 
শিক্ষাখাতে সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আজকে প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশুর সংখ্যা শূণ্যের কোঠায় নেমে এসেছে। শতভাগ স্বাক্ষরতার হার হয়েছে। প্রাথমিক শিক্ষা যুযোগপযোগী হয়েছে। সরকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় নিয়ে এসেছে। প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষার ব্যবস্থার কথাও সরকারের বিবেচনায় রয়েছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া প্রাথমিক শিক্ষার উন্নয়নে কেউ উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন তিনি।
 
বিশিষ্ট সমাজ সেবক ও বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নূরুল আনোয়ার  চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল হাসান, মুশিদহাট ইউনিয়ন চেয়ারম্যান মো. জাফরুল্লাহ, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী প্রমুখ।
 
এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ  হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু তাহের মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আজাদ, সুব্রত কুমার অধিকারী, মুশিদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশেন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মজিবর রহমান উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে