তখনো হয়ত সবার ঘুম ভাঙেনি। রাত জাগা যুবক তখনও বিছানায় এপাশ-ওপাশ করে কাটাচ্ছেন। কর্মব্যস্ত মানুষেরা কেউ কেউ অফিসের কম্পিউটারে বসেছেন মাত্রই। স্কুলবন্ধ থাকায় মায়েরাও বেশ আয়েশে কাটাচ্ছেন অলস সকাল। ঠিক তখনই সবার জন্য হৃদয় ভাঙার এক খবর পাঠালো গণমাধ্যমগুলো। সেখানে রয়েছে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণা যে সবার। সবার প্রিয় আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না...রাজিউন)।
কাউকে এক মুহূর্তও ভাবতে হয়নি এই মানুষটিকে শ্রদ্ধা জানাতে। কেউ কেউ বা বুকফাঁটা আর্তনাদ নিয়ে হাজির সামাজিক যোগাযোগের মাধ্যমে। মুহূর্তেই পুরো ফেসবুক ছেঁয়ে গেছে দেশের সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চুর স্তুতি। স্মৃতিচারণে মেতেছেন তার কাছের মানুষেরা। সহকর্মীরা ভেঙে পড়েছেন হৃৎপিণ্ড হারানোর শোকে। ছাত্র-শিক্ষক, অফিসগামী থেকে শুরু করে গৃহবধূ বা বিমান পাইলট থেকে রিকশাওয়ালা সবাই শোকাগ্রস্ত প্রিয় শিল্পীকে হারিয়ে। সব শ্রেণীর মানুষের প্রিয় মানুষ সংগীত জগতের উজ্জল নক্ষত্র আইয়ুব বাচ্চু আর নেই এ কথা যেন বিশ্বাস করানোয় দায়।
কথা সাহিত্যিক আনিসুল হক ফেসবুকে লিখেছেন, ‘‘আহা, আমাদের আইয়ুব বাচ্চু ভাই। তার ব্যবহার ছিল গুড়ের মতো মিষ্টি। এত ভালো একটা মানুষ। আমি বোধ হয় একমাত্র তারই পায়ে হাত দিয়ে কদমবুসি করেছিলাম এই ঢাকা শহরে।’’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবাইকে কাঁদিয়ে ওপারে চলে গেলো কোটি তরুণের কৈশোরের প্রচণ্ড ভালোলাগা-ভালোবাসার মানুষটা।
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, এই মানুষটা নেই??? মানতে পারছি না...
প্রচ্ছদশিল্পী চারু পিন্টু লিখেছেন, সকালবেলা এত মর্মান্তিক সংবাদ শোনার জন্য অপেক্ষা করিনি। আরেকটি নক্ষত্র খসে পড়লো। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ছিলেন আইয়ুব বাচ্চু। ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। নব্বই দশ থেকে এই সময় অবধি বাংলা কাঁপনো এই শিল্পীকে বাংলাদেশ চিরদিন মনে রাখবে।
প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের অন্যতম পথিকৃৎ। তার মৃত্যুতে এই জগতে বিশাল এক শূন্যতার সৃষ্টি হবে।’ তিনি আরো বলেন, এই মহান শিল্পীর গুণ শুধু সংগীতেই নয়, মানুষের সঙ্গে মেশার দারুণ এক ক্ষমতা ছিলো তার। আসরে প্রাণবন্ত থাকতেন তিনি। এই মানুষটাকে আজীবন মিস করবো।
এমন কোটি ভক্তের কান্নায় ভেসে যাচ্ছে স্যোশাল মিডিয়া। এই মহান শিল্পীর মৃত্যুতে তার সহকর্মী ও তারকাদের মন্তব্য এখানে পর্যায়ক্রমে তুলে ধরবো...
বিস্তারিত আসছে...
ইত্তেফাক/এএম