জনগণ কখনো গণবিচ্ছিন্ন-দুর্নীতিবাজদের ক্ষমতায় আনবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের জনগণ কখনো গণবিচ্ছিন্ন ও দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবে না। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঐক্য ফ্রন্টে আছে তাদের ওপর এ দেশের জনগণের কোনও আস্থা নেই। এদের আস্থা আসলে বিদেশিদের প্রতি। এজন্য প্রথমে বিদেশিদের কাছে ধর্না দিয়েছে।
 
হানিফ আরো বলেন, তারা ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়ে আবার কথাবার্তা হচ্ছে। আগেতো ক্ষমতায় যেতে হবে, তারপর তো প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার হিসেব আসবে।
 
হানিফ আজ শুক্রবার সকালে জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় আগেই লিখে রাখা হয়েছে বিএনপির এমন দাবি সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, বিএনপি তো এক সময় ক্ষমতায় ছিল, তাহলে কি তারা স্বীকার করছেন যে উনারা ক্ষমতায় থাকতে সব মামলার রায় আগেই লিখে দিতেন। এর চেয়ে হাস্যকর কোন উক্তি হতে পারে না।
 
ইত্তেফাক/এমআই