ঘুরে দাঁড়াতে চায় লিভারপুল ও সিটি

চেলসি ম্যানইউ মুখোমুখি আজ

পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে থাকা ম্যানচেষ্টার ইউনাইটেড শিরোপা না হোক মৌসুম শেষে সেরা চারে থাকতে ইতিবাচক ফলের লক্ষ্যে চেলসি মাঠে নামবে।
 
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার দিনের শুরুতে অনুষ্ঠিত হবে খেলাটি। এ দুই দল ছাড়াও এদিন খেলা আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং শিরোপা প্রত্যাশী টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের। সিটি ও লিভারপুল আগের খেলায় ড্র করায় এদিন নিজ নিজ বিপক্ষের বিরুদ্ধে জিতে ঘুরে দাঁড়াতে চাইবে।
 
তবে সবার নজর চেলসি ও ম্যানইউ’র দিকে। চেলসি অবশ্য তাদের ইতালিয় কোচ মাউরিজিও সারির অধীনে ভালোই খেলছে। সাবেক নাপোলি কোচ আসার পর দলটির খেলায় অনেক উন্নতি হয়েছে। তার প্রমাণ ২০ পয়েন্ট নিয়ে যৌথভাবে সিটি ও লিভারপুলের সাথে শীর্ষে থাকা। কোচ হোসে মরিনহোর ইউনাইটেডের বিরুদ্ধে খেলাটিতেও জয়ের ব্যাপারে চেলসি ফেবারিট।
 
কোচ মরিনহো এ খেলাতেও চাপে থাকবেন। কারণ স্টামফোর্ড ব্রিজে সর্বশেষ দুটি খেলাতেও তিনি ৪-০ ও ১-০ গোলে হেরেছেন। সেজন্য নিজের চাকরি বাঁচাতে এবং টানা হার এড়াতে চেষ্টা চালাবেন তিনি। তাকে অনুপ্রাণিত করতে পারে আন্তর্জাতিক বিরতির আগে নিউক্যাসলের বিরুদ্ধে খেলাটি।
 
ওই খেলায় নিউক্যাসলের বিরুদ্ধে শেষ ২০ মিনিটে আক্রমণাত্মক খেলেই সমতা ফিরিয়েছিল ইউনাইটেড। তাই প্রশ্ন মরিনহোর দল স্টামফোর্ড ব্রিজে আজ আক্রমণাত্মক খেলবে কি-না। পর্তুগীজ কোচটি সচরাচর বড় বিপক্ষের মাঠে আক্রমণাত্মক হন না। কিন্তু শীর্ষে চার দলের চাইতে সাত পয়েন্টে পিছিয়ে থাকার কারণে তার সামনে জয়ের কোনো বিকল্প নেই।
 
তাছাড়া ইউনাইটেড কোচ হিসেবে চেলসির মাঠে তিন খেলার কোনোটিতেই গোল করতে পারেনি তার দল। আর এটাও মনে রাখতে হবে যে আরেকটি পরাজয়ের মানে হবে অক্টোবরের মাঝামাঝিতেই তার দলের শিরোপা সম্ভাবনা উবে যাবে। এমনকি শীর্ষ চারে থেকে শেষ করাটাও হয়ে উঠবে দুরূহ।
 
কোচ পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটি এ রাউন্ডে নিজ মাঠে বার্নলিকে হারিয়ে তিন পয়েন্ট পাবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৬৩ সালের পর সিটি নিজ মাঠে আর হারেনি বার্নলির কাছে। তবে আন্তর্জাতিক বিরতির আগে গার্দিওলার দল লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করেছিল। সঙ্গতকারণেই সিটি এদিন বার্নলির বিরুদ্ধে এবং কোচ জার্গেন ক্লপের লিভারপুল বিপক্ষ হাডার্সফিল্ডের মাঠে জিতে ঘুরে দাঁড়াতে চাইবে।
 
টটেনহ্যামকে ২১ দিনে সাত খেলায় অংশ নিতে হবে। এর শুরু হবে আজ ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। ওয়েস্টহ্যাম আট খেলায় সাত পয়েন্ট পেলেও এর মধ্যে চারটি এসেছে চেলসি ও ইউনাইটেডের কাছ থেকে। তার মধ্যে আবার কোচ মরিচিও পচেত্তিনোর টটেনহ্যামে আছে ইনজুরির সমস্যা।
 
ইত্তেফাক/কেআই