রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ২৬ হাজার ৬০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদেরে মধ্যে শনিবার সকাল ৭টার দিকে র্যাব-২ এর একটি দল মালিবাগের সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ হাসপাতাল সংলগ্ন নবাবী খানাপিনা রেস্তোরাঁর সামনে থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আনিছুল হক দুলালকে (৪৮) আটক করে। দুলাল সোহাগ পরিবহনের বাস চালক।
অপর দিকে গত শুক্রবার মধ্যেরাতে র্যাব-৩ এর একটি দল সিদ্ধিরগঞ্জ মহানগর ফিলিং স্টেশন এ্যান্ড সিএনজি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ ইয়াবাসহ আমান উদ্দিন (৩৩) নামে এক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, শনিবার সকালে মালিবাগের একটি রেস্তোরাঁর সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়েছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আনিছুল হক দুলালকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আনিছুল হক র্যাবকে জানান, দীর্ঘদিন যাবত সোহাগ পরিবহনের স্ক্যানিয়া গাড়ির চালক হিসেবে কক্সবাজার থেকে ঢাকায় যাতায়াত করে আসছিলেন তিনি। অভিজাত গাড়ির চালক হিসেবে লোকচক্ষুর অন্তরালে খুব সহজেই ইয়াবা পাচার করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, প্রতি চালান গন্তব্যে পৌঁছে দেয়ার বিনিময়ে তিনি নির্দিষ্ট অংকের টাকা পেতেন। শনিবারের চালানটি নির্দিষ্ট চক্রের কাছে পৌঁছে দিতে পারলে তাকে ৮০ হাজার টাকা দেওয়া হত। রাতারাতি ধনী হওয়ার নেশায় তিনি এই ইয়াবা চক্রে জড়িয়ে পড়েন। তিনি কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকায় পৌঁছে দিতেন।
র্যাব-৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মহানগর ফিলিং স্টেশন এ্যান্ড সিএনজি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা কারবারী চালক আমানকে গ্রেপ্তার করে। এ সময় কাভার্ড ভ্যান তল্লশি করে ৬ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। আমান দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
ইত্তেফাক/এমআই