দীর্ঘ প্রতিক্ষার পর স্বপ্ন পূরণ হয় ফজলে মাহমুদ রাব্বির। ৩০ বছরে অভিষেক হয় জাতীয় দলের জার্সি গায়ে। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় তার উপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। বাংলাদেশের ১২৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হয় তার।
তবে নির্বাচকদের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শূন্য রানেই ফিরে গেলেন সাজঘরে।
লিটন দাস আউট হওয়ার পরপরই দলীয় ১৭ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রাব্বি আউট হয়েছেন। চার বল মোকাবেলা করে খুলতে পারেননি রানের খাতা। টেন্ডাই চাতারার বলে উইকেটরক্ষক ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
‘বুড়ো’ বয়সে অভিষেকের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসটা অবশ্য এমনই। ত্রিশের পর জাতীয় দলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক হয় ফজলে রাব্বির। যার মধ্যে পাঁচজনেরই দুই অঙ্ক ছোঁয়ার সুযোগ হয়নি অভিষেক ম্যাচে। আর সবমিলিয়ে অভিষেকে ১৩তম ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে আউট হলেন রাব্বি।
ইনজুরির কারণে সিরিজে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এ অবস্থায় ফজলে রাব্বির অভিষেক হয়। আর গত জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে সবশেষ ওয়ানডেতে খেলেন সাইফ। জ্বর সেরে ওঠা রুবেল হোসেনও নেই প্রথম ম্যাচের একাদশে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/কেআই