হাসপাতালে ভর্তি
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধুবলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে শান্ত নামের এক বখাটে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শান্ত ছাড়াও তার সহযোগী রবিন ও আকাশ তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। মঙ্গলবার বিকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর পথরোধ করে তারা অস্ত্রের ভয় দেখায় এবং নানান কুিসত মন্তব্য করে। এতে বাড়িতে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেললে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বুধবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রবিনকে গ্রেফতার করেছে।
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌফিক এলাহি জানান, ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ফলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঝে মাঝে বিলাপ করছে। দু’একদিন চিকিত্সার পর তার শারীরিক অবস্থা বোঝা যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক বিজয় দেবনাথ জানান, এ ঘটনায় রবিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।