জিম্বাবুয়েকে চেপে ধরেছেন অপু-মুস্তাফিজরা

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল জিম্বাবুয়ের। তবে ৪৮ রানে নাজমুল ইসলাম অপু ওপেনিং জুটি ভেঙে দেয়ার পর বদলাতে থাকে চিত্র। ১০০ রানের মধ্যে টপ অর্ডারের ৫ উইকেট তুলে নিতে সক্ষম হন নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজরা। ফলে  ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতেই। ২৬ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১০১ রান। 
 
জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে আউট হয়ে ফিরে গেছেন কেপাস জুয়াও (৩৫), ক্রেইগ এরভিন (২৪), হ্যামিল্টন মাসাকাদজা (২১), সিকান্দার রাজা (৭) ও ব্রেন্ডন টেলর (৫) । ক্রিজে আছেন সিন উইলিয়ামস ও পিটার মুর। এ পর্যন্ত নাজমুল ইসলাম অপু দুটি এবং মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন। 
 
রবিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৭১ রান করে। ইমরুল কায়েস ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাছাড়া মোহাম্মদ সাইফ উদ্দিন ৫০, মোহাম্মদ মিঠুন ৩৭ ও মুশফিকুর রহিম ১৫ রান করেন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। 
 
জিম্বাবুয়ের কাইল জার্ভিস চারটি এবং টেন্ডাই চাতারা তিনটি করে উইকেট নেন। 
 
ইত্তেফাক/কেআই