খালেদা জিয়ার মতো কামাল হোসেনও কালো টাকা সাদা করেছিলেন: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো ড. কামাল হোসেনও কালো টাকা সাদা করেছিলেন। 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
ড. কামাল হোসেন সাহেবরা তাদের মক্কেলদের কাছ থেকে কত ফি নেন এবং সরকারের টেক্স অফিসে কত ডিক্লেয়ার করেন এর তদন্ত করে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, যারা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্টার কথা বলেন আর অন্যায়ের সাথে আতাত করেন এবং যারা দুর্নীতি মুক্ত সমাজের কথা বলেন তারা পরিপূর্ণ দুর্নীতি মুক্ত থাকবেন সেটা জনগণের প্রত্যাশা। হাছান মাহমুদ বলেন, জাতীয় ঐক্যজোটের হাকঢাক খালি কলসি বাজার মতো। 
 
ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রবসহ বিএনপির ভাড়া করা এসব নেতাদের হাকঢাক বর্ষাকালের কোলাব্যাঙ ডাকার মতো। সুতরাং এই সব নেতাদের ভাড়া করে বিএনপি পার পাবে না। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/এমআই