সবুজ প্রবৃদ্ধির জন্য উদ্যোক্তাদের মন সবুজ হতে হবে : ড. আতিউর রহমান

'টেকসই উন্নয়নের জন্য দরকার সবুজ অর্থনীতি। আর এ জন্য ব্যক্তি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবুজ প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্যক্তি খাতের ছোট বড় সব উদ্যোক্তাদের মনও সবুজ হতে হবে।' বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান। 
 
গতকাল (২০ অক্টোবর ২০১৮) ঢাকায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ আয়োজিত তৃতীয় সিএসডি অ্যানুয়াল কনফারেন্স অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এ একটি অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক এ কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করেছিল অ্যাডাম স্মিথ ইন্টারন্যাশনাল এবং অ্যাকশন এইড বাংলাদেশ। দেশ ও বিদেশের গবেষক, শিক্ষার্থী, এবং গবেষণা সংস্থার প্রতিনিধিরা এই কনফারেন্সে অংশ নেন।
 
ড. আতিউর বলেন, গত দুই থেকে তিন দশকে বিশেষ করে এসডিজি এবং প্যারিস জলবায়ু চুক্তির পর থেকে বিশ্বব্যাপি উন্নয়ন ভাবনায় ব্যাপক পরিবর্তন এসেছে। একদিকে আগের মতো কেবল ‘বেশি প্রবৃদ্ধি’র দিকে মনোযোগ না দিয়ে প্রবৃদ্ধির সুফল সামাজিক পিরামিডের পাটাতনে বসবাসকারী প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে কেবল স্বল্পমেয়াদী বাণিজ্যিক লাভালাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষয়ক্ষতির দিকগুলোও বিবেচনায় রাখা হচ্ছে।
 
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারও এই ইতিবাচক ধারার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় নীতি-কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছে। যেমন: পারসপেক্টিভ প্ল্যান ২০২০-২১, ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্ল্যান ২১০০ ইত্যাদি।
 
'সবুজ প্রবৃদ্ধি অর্জনে আর্থিক সেবা খাতের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি অনুধাবন করেই গত এক দশকে বাংলাদেশে আর্থিক অন্তর্ভূক্তির মহা উদ্যোগে সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইনান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।' বলেন ড. আতিউর। 
 
তিনি বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব প্রবৃদ্ধি নিশ্চিত করতে সবুজ উদ্যোগ অর্থায়নের জন্য ২০০ কোটি টাকার (২৩ মিলিয়ন ডলার) পুনঃঅর্থায়ন স্কিম চালু, এবং রপ্তানিমুখী শিল্পের সবুজায়নের জন্য ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ গঠনের মতো বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রিন টেকনোলজি ফাইনান্সিং ফান্ড গঠন, কার্বন ট্যাক্স থেকে যে রাজস্ব পাওয়া যাবে তা সবুজ জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ, এবং পরিবেশবান্ধব প্রকল্পে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য গ্রিন বন্ড চালু করাসহ বেশকিছু নীত প্রস্তাবনা তুলে ধরেন।
 
ইত্তেফাক/নূহু