সাভারে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত প্রাণী একটি গন্ধগোকুল উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট। মঙ্গলবার বিকালে পৌর এলাকার রাজাশন হাইপয়েন্ট মহল্লা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। বুধবার সকালে সেটিকে গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তারা। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, মঙ্গলবার বিকালে সাভারের রাজাশন এলাকায় গন্ধগোকুলটি ঘুরতে দেখেন স্থানীয়রা। এসময় স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা করে প্রাণীটিকে আটক করে। বিষয়টি জানতে পেরে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেন।