নতুন গেজেটভুক্ত কলেজে সরকারি বেতন চালুর দাবিতে সাভারে মানববন্ধন

নতুন গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি কলেজে অবিলম্বে সরকারি বেতন চালুর দাবিতে সাভারে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সাভার প্রেস ক্লাবের সামনে সাভার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুন গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেতন চালু করা হয়নি। নামে সরকারিকরণ বলা হলেও বেসরকারি হিসেবেই শিক্ষার্থীদেরকে বেতন, পরীক্ষার ফিসহ সকল প্রকার শিক্ষা ব্যয় পরিশোধ করতে হচ্ছে। ছাত্রছাত্রীরা সরকারি প্রতিষ্ঠান জেনে ভর্তি হলেও সরকারি সুবিধা পাচ্ছে না। এসময় শিক্ষার্থীরা নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজে দ্রুততম সময়ের মধ্যে সরকারি বেতন কার্যকরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে নতুন গেজেটভুক্ত সাভার সরকারি কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।