সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের এসআরএসজি ও ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন

মিশন এলাকায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল বুধবার দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস-এর ডেভিড শিয়েরাত এবং ফোর্স কমান্ডার লে. জেনারেল ফ্র্যাঙ্ক মুশিও কামানজির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তাঁরা উভয়ই দক্ষিণ সুদানের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহের সেনা সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন এবং দক্ষিণ সুদানের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন এবং দরবারে সেনা সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পৃথকভাবে কন্টিনজেন্টসমূহের অফিসারদের উদ্দেশেও বক্তব্য প্রদান করেন। এছাড়া সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল গ্যাব্রিয়েল জক রিয়াকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। পাশাপাশি তিনি দক্ষিণ সুদানের ওয়াও এর গভর্নর ও উচ্চপর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাত্ করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।