সিপিডির বক্তব্য অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য —তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের ১০০ দিনের কর্মসূচি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে কথা বলেছে তা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই সময়ে মানুষের ক্রয়ক্ষমতা সব মিলিয়ে দুই থেকে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, গত ১০ বছর ধরে সিপিডি শুধু দোষই খুঁজে বেড়িয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ২০০০ ডলারে পৌঁছেছে। তিনি বলেন, সমগ্র পৃথিবী দেখছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এর প্রশংসা করছে। গত ১০০ দিনে সরকার অনেকগুলো কাজ করেছে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন। অথচ সিডিপি এগুলো দেখতে পাচ্ছে না। এটি তাদের ব্যর্থতা ও দৈন্যতা।

বিএনপির সংসদে যাওয়া নিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ করেও সংসদে যাচ্ছে না। নির্বাচনে অংশগ্রহণের জন্য যে ধরনের উদ্যোগ ও আয়োজন দরকার ছিল সেটি তারা করেনি।

তথ্য কমিশন ভবনের

ভিত্তিপ্রস্তর স্থাপন

এদিকে তথ্য কমিশনের নিজস্ব ১৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। গতকাল বুধবার প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।