রাষ্ট্রপতি হিসেবে ছয় বছর পূর্ণ করলেন মো. আবদুল হামিদ। প্রথম মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালনের পর টানা দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ করলেন গতকাল ২৪ এপ্রিল। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। ২০২৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত মেয়াদের পুরোটা সময় দায়িত্ব পালন করতে পারলে আবদুল হামিদই হবেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি। তৃণমূল থেকে রাজনীতি করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে উঠে আসা আবদুল হামিদ অবশ্য প্রায়ই রসিকতা করে বলেন, বঙ্গভবনের জীবন তার কাছে কারাগারের মতো।
২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার শপথ নেন আবদুল হামিদ। আইনজীবী আবদুল হামিদ কিশোরগঞ্জ থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের স্পিকার পদে দায়িত্ব পালন করেছেন দুই দফা। এছাড়া সংসদের ডেপুটি স্পিকার ও বিরোধী দলীয় উপনেতা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে দায়িত্ব পাওয়ার পর বঙ্গভবনে থাকার বিষয়ে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছিলেন, ‘জিয়াউর রহমানের আমলে জেলে ছিলাম। এখনো জেলে আছি। পার্থক্য আগে স্যালুট দিত না, এখন দেয়।’
১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে। ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে আবদুল হামিদকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।