প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নয় দাবি

চিকিত্সকের ব্যবস্থাপত্র ব্যতীত যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদন তুলে ধরে বলা হয়েছে, অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে সামান্য জীবাণু সংক্রমণও এখন ব্যবহারকারীর জীবনের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। অতিমাত্রায় এর ব্যবহারের কারণে প্রতিবছর বিশ্বে সাত লাখ মানুষের মৃত্যু হয়। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে এক কোটিতে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন সচিব, জেলা প্রশাসকদের রিটে বিবাদী করা হয়েছে।

গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে অ্যান্টিবায়োটিকের অতিমাত্রায় ব্যবহারের ফলে স্বাস্থ্যের উপর যে বিরূপ প্রভাব পড়ে তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন এতে যুক্ত করা হয়। রিটে বলা হয়, অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে মানুষের মৃত্যুফাঁদ তৈরি করছে। এই ফাঁদ থেকে মানুষকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।