রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আরমান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। গতকাল বুধবার রাতে বছিল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আরমানকে মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
আহত পাঠাও মোটরসাইকেল চালক নুর মোহাম্মদ (৪০) বলেন, নিহতের বাড়ি মোহাম্মদপুর শাহজাহান রোডে, তাকে টাউন হলের সামনে থেকে বছিলা রোডে নিয়ে যাওয়ার পথে বছিলা বেড়িবাঁধে লালতলা এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি পড়ে যায়। ট্রাকটি আরমানকে চাপা দিয়ে চলে যায়। আশপাশের লোকজন ট্রাকটি আটক করে।