ফেনীতে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলাসহ সামাজিক অবক্ষয় নিয়ে জাতীয় সংসদে একটি সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার রাতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তার বক্তব্য সমর্থন করে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাসদের মইন উদ্দীন খান বাদল, জাতীয় পার্টির (জাপা) ডা. রুস্তম আলী ফরাজী, জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর এবং গণফোরামের মোকাব্বির খান।
প্রস্তাব উত্থাপন করে মোহাম্মদ নাসিম বলেন, গত দুই মাসে দেশে-বিদেশে অনেক ঘটনা ঘটেছে। হিংসা-প্রতিহিংসায় রক্তাক্ত হয়েছে মসজিদ, মন্দির, গির্জা। একজন মাদ্রাসাছাত্রী নুসরাত প্রতিহিংসার আগুনে ছারখার হয়ে গেল। জায়ান চৌধুরীর ছবি দেখলে মানুষের মন কেঁদে ওঠে। এ বিষয়গুলো নিয়ে প্রতিহিংসার আগুনে সারা দুনিয়া জ্বলছে। এ ব্যাপারে সংসদে সাধারণ আলোচনা হওয়া উচিত।
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, শিশু জায়ানের মৃত্যু গোটা দেশের মানুষকে ব্যথিত করেছে। নুসরাত হত্যাকাণ্ড সমগ্র বাঙালি জাতির হূদয়কে নাড়া দিয়েছে। নুসরাত হত্যাকাণ্ডের পরেও অনেক স্থানে শিশুদের নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এটা হতে পারে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে সামাজিক অবক্ষয় চলতে পারে না। এ ব্যাপারে তিনি আইনমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নুসরাতের ঘটনা সাধারণভাবে দেখলে চলবে না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন বন্ধে কমিটি গঠন করতে হবে। ইউটিউবে নানাভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসে উস্কানি দেওয়া হচ্ছে। এ ব্যাপারেও নজর দিতে হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ফ্লোর নিয়ে বলেন, জঙ্গি-সন্ত্রাস নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশ এখনো নিরপরাধ নয়। মুখোশধারী ধর্ম ব্যবসায়ীরা ক্রমাগত নারী-সংখ্যালঘু ও বর্তমান সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তেঁতুল তত্ত্ব ও জঙ্গি-রাজাকার তত্ত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়তে হবে।
জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, সংসদে সত্যিকার ইস্যুগুলো আলোচনা না হয়, তবে অন্য কিছু করে লাভ হবে না। দেশের সবচেয়ে কলঙ্কের ঘটনা হচ্ছে ঋণখেলাপি। ঋণখেলাপিরা হচ্ছে জাতীয় পকেটমার। এসব ইস্যুতেও সংসদে আলোচনা হতে হবে। জাপার ডা. রুস্তম আলী ফরাজী এ প্রসঙ্গে বলেন, নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে সংসদে একদিন আলোচনার সুযোগ দিতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, নুসরাত হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে।