লিওনেল মেসিকে ছাড়ায় ইন্টার মিলানকে হেসেখেলে হারালো বার্সেলোনা। অন্যদিকে গ্যালারিতে বসেও সব আলো নিজের উপরই রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ঘুরেফিরে ক্যামেরা খুঁজে নিচ্ছিলো তাকেই।
বুধবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভালভার্দের শিষ্যরা। দলের পক্ষে রাফিনহো ও জর্দি আলবা গোল করেন।
মেসির অভাবটা বুঝতেই দেননি সুয়ারেজ-কুতিনহোরা। প্রথম থেকে ইন্টার মিলানের ডিবক্সে চাপ সৃষ্টি করে বার্সেলোনা। যদিও সেই তুলনায় ফলাফলটা আসতে বেশ অপেক্ষায় করতে হয়েছে স্বাগতিকদের। ৩২ মিনিটের মাথায় সুয়ারেজের বাড়ানো বল থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহো। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
৮৩ মিনিটের মাথায় গোল করে বার্সেলোনার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন দলের অভিজ্ঞ ফুটবলার জর্দি আলবা। চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপে পরপর তিন জয় থেকে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইন্টার মিলান।
ইত্তেফাক/এএম