গুরুকে সুস্থ্য দেখে উচ্ছ্বসিত রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরে দু’বার ওল্ড ট্রাফোর্ডে খেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিতলেন দু’বারই। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজে গোল না পেলেও রোনালদোর পাসেই জয়সূচক একমাত্র গোল করেন পাওলো দিবালা।  
 
পেশাদার ফুটবলার হিসেবে সাবেক ক্লাবের বিরুদ্ধে খেলতে হয়েছে। তবে ওল্ড ট্রাফোর্ডের প্রতি তার টানটা এখনো ফুরায়নি। ম্যাচ দেখতে এসেছিলেন তার দীর্ঘদিনের গুরু স্যার অ্যালেক্স ফার্গুসন। স্টেডিয়ামেই দেখা হয় দু’জনের।
 
গুরুর সঙ্গে ছবি তোলে টুইটারে পোস্ট করে রোনালদো লিখেছেন ‘একজন অসাধারণ কোচ। সবচেয়ে বড় কথা, ভীষণ ভাল মানুষ। মাঠ ও মাঠের বাইরে কত কিছু যে শিখিয়েছেন! বস, আপনাকে সুস্থ দেখে দারুণ লাগল।’
 
ওল্ড ট্রাফোর্ডে ভক্তরাও আবেগঘন অভিবাদন জানান তাদের পুরনো সৈনিককে। ম্যানইউ জার্সি পরেই রোনালদোর কাছে ছুটে যান ভক্ত। তাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আবার ওল্ড ট্রাফোর্ডে খেলতে পেরে কী যে ভাল লাগল! ভক্তদের অসংখ্য ধন্যবাদ।’
 
ইত্তেফাক/কেআই