জুটি ভাঙলেও ভোগাচ্ছেন উইলিয়ামস

জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ ৯০ রান তোলা জুটি ভেঙেছেন সেই নাজমুল ইসলাম অপু। ব্রেন্ডন টেলরকে আউট করার পর সিন উইলিয়ামসের সঙ্গে জুটি বাঁধেন সিকান্দার রাজা। শেষ পর্যন্ত রাজাকে আউট করে চতুর্থ উইকেটের পতন ঘটাতে সক্ষম হলেন অপু। তবে সেঞ্চুরি করে এখনও মাঠে বাংলাদশের বিপদ হিসেবে রয়ে গেছেন উইলিয়ামস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ চার উইকেটে ২৩৮ রান।
 
শুক্রবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ধবলধোলাই থেকে বাঁচার মিশনে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে মাত্র ৬ রানে দুই ‍উইকেট হারায় জিম্বাবুয়ে। দুই ওপেনার কেপাস জুয়াও ও হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফ উদ্দিন ও আবু হায়দার রনি। 
 
তবে এরপর জুটি বাঁধা ব্রেন্ডন টেলর ও শিন উইলিয়ামস। এ দুজনই ভোগাচ্ছিলেন বাংলাদেশকে। টেলরকে আউট করে ১৩২ রানের জুটি ভেঙেছিলেন অপু। আউট হওয়ার আগে ৭২ বল থেকে ৮টি চার ও তিনটি ছক্কার মারে টেলর করেন ৭৫ রান। এতেও থামছিল না জিম্বাবুয়ের ব্যাটিং ঝড়। সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে একই গতিতে এগোতে থাকেন উইলিয়ামস। তবে ৪৩তম ওভারে এসে রাজাকে ফেরালেন সেই অপু। আউট হওয়ার আগে রাজা করেছেন ৪০ রান। আর এরই মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেছেন উইলিয়ামস।  
 
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচ জিতলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হবে মাশরাফি বাহিনী। 
 
ইত্তেফাক/কেআই