দাবি না মানলে আন্দোলনের ঝড় : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দাবি না মানলে সরকার টিকতে পারবে না। বাংলাদেশে কঠোর আন্দোলনের ঝড় উঠবে। আর এই ঝড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সরকার বাধ্য হবে।  তফসিল ঘোষণার আগে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মানতে বাধ্য করা হবে।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মওদুদ। ‘বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিলসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি’ তে এই সমাবেশের আয়োজন করা হয়।
 
মওদুদ বলেন, সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেবে না। এই সরকার সহজে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। জাতীয় ঐক্যের মাধ্যমে সরকারকে অপসারণ করা হবে।
 
আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিএনপি নির্বাহী পরিষদ সদস্য আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি