ফুলের মতো যেই শিশুটি

তোফায়েল তফাজ্জল

 

ফুলের মতো যেই শিশুটি

তাকে সবাই স্নেহ করো,

যত্ন করো, রত্ন ভেবে ভবিষ্যতের, 

অবুঝ বলে অবহেলা, 

হেলাফেলা করিও না

একটুখানি বাইরে যাওয়ায় তোমার মতের।

 

এই যে দেশে পাগলা ঘোড়ার

খুরের ধুলোর অন্ধকারে

গতি ছিঁড়ে ওদের ওপর বাড়ছে আঘাত,

যা দেখে আজ হাসছে পশুও—

তবু প্রতিবাদীর হাতে 

শুনি না তো, এদের মুখের ভেঙেছে দাঁত।

 

ছোট্ট শরীর, বাড়তি চাপের 

বড় বোঝা মাথায় থাকায়

টাল ধরে না রাখতে পেরে ভাঙছে সবর,

ফাঁপিয়ে কিবা ফুলিয়ে সে দোষ

পিঠমোড়া বাঁধ দিয়ে—মেরে

চাও কি দিতে আগামীকে জ্যান্ত কবর?

 

এমন দেশটি চাইনি মোটেও,

চেয়েছিলাম, কচিকাঁচা

পড়াশোনায়, চলায়-বলায় খাবে না ঘাই;

বরং দেশের সকল শিশু 

বলবে, বইয়ে মৌয়ের মজা!

এমন দেশটির কোথাও আর তুলনা নাই। 

 

দেশটি হবে কবে তেমন

খোকাখুকি চাচ্ছে যেমন।