নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। আগামী ১০ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
কুয়েট কর্তৃপক্ষ জানান, আগামী ৫ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ ফলাফল প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
কুয়েটের পাবলিক রিলেশন অফিসার মনোজ কুমার মজুমদার বলেন, আগামী ১০ নভেম্বর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ছাত্রদের অরিয়েন্টেশন ও ক্লাস আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টা এবং ২৭ জানুয়ারি সকাল ৮টায় শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (http://www.kuet.ac.bd) ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৬টি বিভাগে ১ হাজার ৬৫ আসনের বিপরীতে ১০হাজার ৭৩০ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। তারমধ্যে ৭ হাজার ২৮২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ইত্তেফাক/বিএএফ