দুখু বাঙাল
দিতে চাও দিও শাস্তি
মায়ের মূর্তির ন্যায় সাগরে ফেলিও
ঢেউ হয়ে ফেনা হয়ে ছড়াইব সুরের কম্পন
হূদকূপে ফেলিও না একমাত্র এটুকু মিনতি।
দিতে চাও দিও শাস্তি
সাড়ে তিন হাত মাটির গভীরে রেখো পুঁতে
ঘাস হয়ে ফুল হয়ে সাজাইব সমাধিপ্রাঙ্গণ
হূদকূপে ফেলিও না একমাত্র এটুকু মিনতি।
পড়ে গেলে একবার হূদকূপে কে পারে উঠিতে
আঁধারে আপত্তি নেই
অন্ধকারে ফেলিও না হাসিতে হাসিতে।